ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে ‘রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ২০২৬’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১০ মে) এক সাধারণ সভার মধ্য দিয়ে এই কমিটি প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, অধিকার রক্ষা এবং অ্যাকাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সবুজ আহমেদ মাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম সরকার। বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিরিন সুলতানা -কে প্রধান উপদেষ্টা করে মোট ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ মাল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অঙ্গীকার করে বলেন, “আমি সব সময় আমার ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও কল্যাণের জন্য কাজ করে যাব। আমাদের প্রথম লক্ষ্য হবে শিক্ষার্থীদের যেকোনো সংকট নিরসন করা। বিশেষ করে, আমার ডিপার্টমেন্টের কোনো শিক্ষার্থী যদি টাকার অভাবে ফরম পূরণ অথবা ভর্তি হতে না পারে, তবে তাদের অর্থের ব্যবস্থা আমরা সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করব, ইনশাআল্লাহ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হতে দেব না।”
সাধারণ সম্পাদক নাঈম সরকার তাকে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পদ মানেই একটি অতিরিক্ত দায়িত্ব, যা আমি অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছি। কবি নজরুল ক্যাম্পাসের ‘রয়েল ডিপার্টমেন্ট’ হিসেবে পরিচিত আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবসময়ই নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে। তবে নিজস্ব প্ল্যাটফর্ম না থাকায় কিছু সীমাবদ্ধতা ছিল, যা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে দূর হবে। আমি আগেও বিভাগের কাজে সক্রিয় ছিলাম, এখন এই নতুন দায়িত্ব পেয়ে সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং সকল ইতিবাচক কাজে বিভাগকে সবসময় সম্পৃক্ত রাখব।”



মন্তব্য করুন