শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল ক্যাম্পাসের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মে) কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রীয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ (দ্বিতীয় বর্ষ) এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষ) শিক্ষার্থীরা মুখোমুখি হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম বর্ষকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে বিজয় ছিনিয়ে নিয়েছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের মাঠে দুপুর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রেফারির বাঁশি বাজার সাথে সাথেই শুরু হয় টানটান উত্তেজনার এই ম্যাচ। প্রথমার্ধে উভয় দল আক্রমণাত্মক খেলা উপহার দেয় এবং প্রথম বর্ষ এক গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধ শুরুর সাথে সাথে আবহাওয়া খেলোয়াড়দের সঙ্গ দেয় এবং বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে খেলার আনন্দ খেলোয়াড় ও দর্শক সবার মাঝেই এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে।
২০২৪-২৫ সেশনের (প্রথম বর্ষ) খেলোয়াড়রা চমৎকার খেলা দেখিয়ে ৩টি গোল করতে সক্ষম হলেও, অভিজ্ঞতায় ও কৌশলে এগিয়ে থাকা ২০২৩-২৪ সেশনের (দ্বিতীয় বর্ষ) দল শেষ পর্যন্ত ৫টি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে।
খেলার চূড়ান্ত ফলাফলে দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যকার সম্প্রীতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়রা উৎসবমুখর পরিবেশে মাঠ ত্যাগ করেন। বিভাগের শিক্ষার্থীরা জানান, পড়াশোনার পাশাপাশি এ ধরনের খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এবং সিনিয়র-জুনিয়র সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে এমন আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।



মন্তব্য করুন