উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (১৫ জুন) ঢাকা কলেজ অডিটোরিয়ামে দুপুর ২ টায় এ অনুষ্ঠান অনিষ্ঠিত হয়।
‎
‎
‎অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এবারের নবীন বরণের মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসের নবীন শিক্ষার্থীদের মিলনমেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সকল ক্যাম্পাসের নবীন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো ঢাকা কলেজ প্রাঙ্গণ।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের। তবে বিশেষ ব্যস্ততার কারণে তিনি শেষ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার-এর সভাপতি কেফায়েত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ এবং ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
‎
‎সভাপতির বক্তব্যে কেফায়েত হোসেন বিশ্ববিদ্যালয়ের বাজেট ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম বছরেই ২৪৯ কোটি টাকার বাজেট বরাদ্দ পেয়েছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১০০ বছরে পেয়েছে ৯০০ কোটি টাকার কিছু বেশি। প্রথম বছরেই এত বড় বরাদ্দ আমাদের বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার বড় প্রমাণ।” বক্তব্য শেষে তিনি নবীনদের উজ্জীবিত করতে “বাংলাদেশ ঢাকেবি, গড়বে দেশ” স্লোগানের মাধ্যমে নিজের বক্তব্য শেষ করেন।
‎
‎অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝেও ছিল ব্যাপক উছ্বাস। কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থী মোস্তফা কামাল নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “অনুষ্ঠানের টাইম ম্যানেজমেন্টে কিছুটা সমস্যা ছিলো, তবে অনুষ্ঠানটি এক কথায় মনমুগ্ধকর হয়েছে। সাতটি ক্যাম্পাসের সকলে একসাথে এক ছাদের নিচে একত্রিত হতে পেরে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে শেষের সাংস্কৃতিক অনুষ্ঠানটা বেশি ভালো লেগেছে।”
‎
‎আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় নৃত্য, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের দারুণভাবে মোহিত করে।