আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে এবং তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
‎
‎রবিবার (২৮ জুন) কলেজ মিলনায়তনে এই কর্মসূচি পালন করা হয়।
‎
‎অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের হাতে কলম, ফাইলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন। শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি পরীক্ষার্থীদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন এবং একটি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
‎
‎মতবিনিময় সভায় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের কাণ্ডারি। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং তাদের মেধা বিকাশের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
‎
‎উক্ত কর্মসূচিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষা সামগ্রী হাতে পেয়ে পরীক্ষার্থীরাও ছাত্রদলের এই ইতিবাচক ও ছাত্রবান্ধব উদ্যোগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।