বাইরের রাস্তায় ট্রাফিক জ্যাম, হর্নের কর্কশ শব্দ, বেপরোয়া ড্রাইভিং -সবকিছু যেন কঠিন বাস্তবতা হয়ে উঠেছে নাগরিক জীবনে। তবে এই বাস্তবতাকে একটু বদলে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর মটোকপ (MotoCop)। আর এই উদ্যোগের পরিচালক আসাদুজ্জামান। যিনি কঠোর পরিশ্রম করে সচেতনতার পাশাপাশি ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
সাধারণ ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলো এখন ভাইরাল। তবে মটোকপের ভিডিওগুলো বিনোদন নয় -তার ভিডিওতে থাকে গুরুত্বপূর্ণ বার্তা, থাকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান। রাস্তার সঠিক ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার, হেলমেট পরিধান, ট্রাফিক পুলিশদের প্রতি সম্মান প্রদর্শন -এইসব বিষয় নিয়ে সরল ও বাস্তবধর্মী ভিডিও বানিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করছেন তিনি।
মটোকপ পরিচালনাকারী আসাদুজ্জামান বলেন, প্রতিদিন রাস্তায় চলতে গিয়ে অনেক অনিয়ম চোখে পড়ে। সেখান থেকেই চিন্তা আসে -আমার মতো আরও অনেকেই তো এসব দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। আমি যদি ভিডিওর মাধ্যমে কিছু বলতে পারি, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন সম্ভব।
তার তৈরি ভিডিওগুলোতে দেখা যায়, কিভাবে একজন পথচারী ভুলভাবে রাস্তা পার হচ্ছে, আর কীভাবে সেটা সংশোধন করা উচিত। ফ্লাইওভারে বাস দাড়ানো, মেট্রোবাসের খামখেয়ালি, ফুটপাতে বাইক রাইডারদের লজিক্যালি বুঝিয়ে ফিরিয়ে দেন যাতে করে সাধারণ মানুষ সহজে বিষয়গুলো বুঝতে পারে এবং গ্রহণ করতে পারে।
সবচেয়ে আশার কথা হলো, তার ভিডিওগুলো শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। অনেক স্কুল, কলেজ এমনকি ট্রাফিক বিভাগও এখন মটোকপের ভিডিওগুলো নিয়মিত দেখে এবং প্রতিনিয়ত অনেক কিছু শিখে।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের একজন কর্মকর্তা জানান, মটোকপের ভিডিওগুলো সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণ দিয়ে তৈরি। সাধারণ মানুষের মনে খুব সহজে প্রভাব ফেলে। এবং আমাদের অনেক কাজকে মটোকপ সহজ করে দিচ্ছে। আমাদের অনেক সদস্যই তাকে অনুসরণ করে। এই তরুণ কনটেন্ট ক্রিয়েটরের উদাহরণ প্রমাণ করে দেয়, একজন মানুষও চাইলে সমাজে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ট্রাফিক শৃঙ্খলার পথে এটি নিঃসন্দেহে এক আশাব্যঞ্জক পদক্ষেপ।
তরুণ প্রজন্মের মধ্যে ইতোমধ্যেই তার গ্রহনযোগ্যতা বড় পরিসরে গড়ে উঠেছে। বিশেষ করে বাইকার ও নতুন চালকদের মাঝে তার ভিডিওগুলো বেশি জনপ্রিয়। অনেকেই মটোকপের অনুপ্রেরণায় হেলমেট পরিধান শুরু করেছেন, ট্রাফিক সিগন্যাল মানছেন।
মটোকপ পরিচালনাকারী আসাদুজ্জামান আরও বলেন,  পরিবর্তন রাতারাতি হয় না, কিন্তু যদি আমরা সবাই একটু করে চেষ্টা করি, তাহলে একদিন অবশ্যই শহর হবে শৃঙ্খলাপূর্ণ। আমি চাই, একটা ছোট ভিডিও দেখেই কেউ যদি নিয়ম মানে, সেটা-ই আমার সফলতা।
তিনি বলেন, আমি এই কাজ করতে গিয়ে অনেকের অনুপ্রেরণা পেয়েছি ও পাচ্ছি। সবার সহযোগিতা পেলে ট্রাফিকে শৃঙ্খলা ফেরাতে আমি এই কাজ চালিয়ে যেতে চাই। তার ভিডিওতে রয়েছে- হেলমেট ব্যবহারের গুরুত্ব; জেব্রা ক্রসিং ব্যবহারের সঠিক নিয়ম; ট্রাফিক পুলিশদের প্রতি সম্মান এবং সাধারণ মানুষদের ছোট ছোট ভুল ও তার সমাধান।